
রুশী চৌধুরী। বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সংস্কৃতি বিষয়ক উপ-সম্পাদক। চলতি বছরের ৮ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সংগীতশিল্পী মেহরাবের সঙ্গে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক এই শিক্ষার্থী এবার প্রথমবারের মতো হাজির হলেন মিউজিক ভিডিওর মডেল হিসেবে। এতে তার সঙ্গে রয়েছেন গায়ক-স্বামী মেহরাব।
‘শোন না’ শিরোনামের এই মিউজিক ভিডিওটি ইউটিউবে উন্মুক্ত হয় বৃহস্পতিবার রাতে। মেহরাবের সুর-সংগীত ও কণ্ঠের এই গানটি লিখেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শোয়েব লিয়াকত ও শিল্পী নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন শোয়েব লিয়াকত।
রোমান্টিক ঘরানার দ্রুতলয়ের এই গানটিতে মেহরাবকে দেখা গেছে শিল্পী হিসেবেই। অন্যদিকে রুশী চৌধুরীকে পাওয়া গেছে শিল্পীর প্রাক্তন প্রেমিকারূপে।



