বিশ্ববাংলা

আমিরাতে নতুন ভিসা ও ভিসা পরিবর্তন চালুর দাবি

সংযু্ক্ত আরব আমিরাতে অভ্যন্তরীণ বন্ধ ভিসা পরিবর্তনের সুযোগ চালুর দাবি জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা। দেশীয় শ্রমিকদের নতুন ভিসা ও ভিসা পরিবর্তনের সুযোগ না থাকা সত্ত্বেও, দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে, আবুধাবীর পশ্চিমাঞ্চলের উপশহর আল গিয়াথির সানাইয়াতে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ দাবি জানান।

আমিরাতে আট লক্ষাধিক প্রবাসীদের অবস্থান থাকলেও সে অনুপাতে ব্যবসা প্রতিষ্ঠান কম। সে কারনে আমিরাতে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান আরো সম্প্রসারণের লক্ষ্যে আবুধাবীর পশ্চিমাঞ্চলের উপশহর আল গিয়াথির সানাইয়াতে গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের।

স্থানীয় স্পন্সর সুলতান হাসান আহমদ সালেম আল মনসুরী ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এসময় তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জাহাংগীর আলম, মিজানুর রহমান, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আজম, শের আমিন, নাসির উদ্দিন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তারা দেশীয় ভিসা ও ভিসা পরিবর্তন সুযোগ চালু করারও দাবি জানান।

অনুষ্ঠানে আগত গিয়াথিসহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের মালিকগণ আমিরাতে আট বছর ধরে ভিসা বন্ধ থাকার ভোগান্তি ও অসুবিধার কথা উল্লেখ করেন। ভিসা বন্ধ থাকায় দেশীয় প্রতিষ্ঠানের মূল্যবান রেমিটেন্স ভিন্ন দেশে চলে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। ভিসা ও ভিসা পরিবর্তনের সুযোগ চালু হলে এ ধরনের হাজার হাজার ক্ষূদ্র ব্যবসা চালু করা সম্ভব বলেও জানান তারা।

পরে দেশ, জাতি, প্রবাসী ও আমিরাতের শাসক পরিবারের জন্য দোয়া করা হয়। এসময় সাংবাদিক এম আবদুল মান্নান, সাংবাদিক রফিকউল্লাহ, মাওলানা বেলালসহ অনেক বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

আবদুল মান্নান, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button