দেশবাংলা

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ও অস্ত্র কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. রুবেল নামে এক মাদক ও অস্ত্র কারবারী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফ সদরের হাবিরছড়ার মেরিনড্রাইভ সড়ক এলাকায় এ বন্দুযুদ্ধের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও গুলির ২টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। নিহত মো: রুবেল (২২) মাদক ও অস্ত্র কারবারী এবং ডাকাত দলের সক্রিয় সদস্য। সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মা পাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, মাদক ও ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদে র‌্যাব-১৫ এর বিশেষ টহল দল অভিযানে যায়। এসময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলাগুলির পর মাদক কারবারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে র‌্যাব। পরে তাকে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।

সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button