
আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদের মনোনয়ন ফরম বিতরণ।
সোমবার ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকে প্রার্থী হতে ইচ্ছুকরা রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির যুগ্ম সচিব আবুল কাসেম ও ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা হিসেবে আবদুল বাতেনের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন ফরম কিনতে হবে।
উত্তর সিটির প্রার্থীরা আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট-ইটিআই থেকে ও দক্ষিণের প্রার্থীরা মতিঝিল কমিউনিটি সেন্টার থেকে মনোনয়ন ফরম নেবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র -বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি, আর ভোট হবে ৩০ জানুয়ারি।



