বাদ পড়লেন মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নুর তাপস, বাদ পড়লেন এ করপোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে উত্তরে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
রোবার সকালে, ধানমণ্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে এ ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ঘোষণা করা হলো ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থীর নাম। এতে নিজের জায়গা ধরে রেখেছেন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে নানা জল্পনা-কল্পনার পর বাদ দেয়া হলো দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনকে।
এদিকে, সব নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দক্ষিণের টিকিট পেলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় মনোনয়ন বঞ্চিতরাসহ সবাই মিলে নির্বাচনী কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আওয়ামী লীগের এ নেতা।
পরে, সংবাদিকদের মুখোমুখি হন মনোনীত দুই প্রার্থী। নির্বাচিত হলে একটি উন্নত রাজধানী উপহার দেয়ার আশ্বাস দেন শেখ ফজলে নুর তাপস, আর তাপসের সাথে সমানতালে কাজ করে সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন আতিকুল ইসলাম।
এ সময়, উত্তরে ৫৪টি ও দক্ষিণ সিটিতে ৭৫টি ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।



