বিশ্ববাংলা

‘বর্তমান সরকার প্রবাসীবান্ধব’

বাংলাদেশের বর্তমান সরকার প্রবাসীবান্ধব বলে মন্তব্য করেছেন, মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে আন্তর্জাতিক অভিবাসী দিবসের এক অনুষ্ঠানে, তাঁর দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।

বাংলাদেশ হাইকমিশন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন যৌথভাবে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্‌যাপন করে। এতে প্রধান অতিথি ছিলেন, দেশটির অ্যাটর্নি জেনারেল এবং অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিজ ও ফুড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী মানিশ গোবিন।

মরিশাসের সবাই অভিবাসী কর্মী উল্লেখ করে তিনি বলেন, বিশ্বায়নের এই সময়ে অভিবাসন অপরিহার্য।  তিনি প্রবাসী কর্মীদের কল্যাণে তাঁদের সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। হাইকমিশনার রেজিনা আহমেদ আরও  বলেন, প্রবাসীদের সুবিধার্থে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর অভিবাসী দিবস উপলক্ষে শুধু প্রবাসী কর্মীদের জন্য জীবনবিমা পলিসি উদ্বোধন করেছেন। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সচিবের বাণী পাঠ করা হয়।

পরে দেশটির বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button