
ঢাকায় থার্টি ফাস্ট নাইটে উন্মুক্ত স্থান এবং বাড়ির ছাদে কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে অনুমতি সাপেক্ষে ক্লাব, হোটেল, রেস্তোরাঁয় নতুন বছরের অনুষ্ঠান করা যাবে। সোমবার সকালে ডিএমপি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
যেকোন নাশকতা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। প্রতিবছরের মতো এবারও থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
রাজধানীতে এবারও ইংরেজি নতুন বছর উদযাপনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নিরাপত্তার সার্বিক বিষয় তুলে ধরেন ডিএমপি কমিশনার।
সুনির্দিষ্ট কোনো নিরাপত্তার হুমকি না থাকলেও এবারও ঢাকা মহানগরীর কোনো উন্মুক্ত স্থানে বা ছাদে কোনো আয়োজন যাবে না। এছাড়া, মাদক নিয়ন্ত্রণসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাদা পোশাকে গোটা নগরীজুড়ে পুলিশ তৎপর থাকবে বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের অচিরেই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
মাসুদ সুমন, বাংলা টিভি



