
দেশের বিভিন্ন জায়গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ। শীতে বিপর্যন্ত হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনজীবন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
শৈত্যপ্রবাহের পাশাপাশি জানুয়ারির প্রথমদিকে আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। এতে করে চরম বিপাকে পড়েছে জেলার নিম্ন ও সাধারন আয়ের মানুষজন।
রোববার তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হলেও, সোমবার সকাল ৯টায় ৫ ডিগ্রিতে গিয়ে পৌছায়। জানুয়ারিতে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বভাস রয়েছে।
এদিকে, হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার শৈত্যপ্রবাহ থাকলেও মঙ্গলবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে আগামী দু-তিন দিন স্বাভাবিক শীতের অনুভূতি থাকতে পারে।



