‘তৃণমূল নেতাকর্মীরাই দলকে টিকিয়ে রেখেছেন’

কোনো জুলুম-নির্যাতন-নিপীড়ন ও অপপ্রচারেও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, তৃণমূলের নেতাকর্মীরাই দলকে টিকিয়ে রেখেছেন বলেও দাবি করেন তিনি।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ওয়ার্কিং কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এসব কথা বলেন, প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মত অনুষ্ঠিত হয় দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা।
এতে যোগ দিয়ে, বহু ত্যাগের বিনিময়ে তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় বলেও দাবি করেন তিনি।
এ সময়, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, দেশের স্বাধীনতাকে আরও অর্থবহ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
হাকিম মোড়ল, বাংলা টিভি



