ভারমুক্ত হলো সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারমুক্ত করে পূর্ণ দায়িত্ব দেয়া হলো। শনিবার (৪ জানুয়ারি) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
এর আগে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। এরপরই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে লেখক ভট্টাচার্য দায়িত্ব পান।
বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ পদ সভাপতি-সাধারণ সম্পাদক এই দুই পদকে ভারমুক্ত করার জন্য শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
ওবায়দুল কাদেরের অনুরোধের প্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতি তাদের ভারপ্রাপ্ত পদকে ভারমুক্ত করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ছাত্রলীগকে আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত ঘোষণা করলাম। বাংলাদেশ ছাত্রলীগ এখন ভারমুক্ত।
এসময় প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে দেশের সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিলো। ছাত্রলীগের বহু নেতাকর্মী দেশের জন্য জীবন দিয়েছেন। কাজেই ইতিহাসের কথা মাথায় রেখে নেতাকর্মীদের কাজ করে যেতে হবে যেন দেশের মানুষ এই সংগঠনের প্রতি আস্থা পায়।



