আবুধাবীর বাংলাদেশি স্কুলে নতুন বই বিতরণ

বাংলাদেশের মতো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর বাংলাদেশ স্কুলেও ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আবুদাবী বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ স্কুল মিলনায়তনে এই বই উৎসবের আয়োজন করা হয়। স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, স্কুল শিক্ষিকা জেবুননাহার ও ইসরাত জাহান।
এতে প্রধান অতিথি ছিলেন, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান এবং বিশেষ অতিথি ছিলেন, দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মিজানুর রহমান, অভিভাবক সমন্বয় কমিটির মাওলানা আবদুল খালেকসহ আরও অনেকে। স্কুল ছাত্র আনাস মোহাম্মদের কুরআন তেলাওয়াতের পর বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন রাস্ট্রদূত।
তিনি বলেন, বছরের শুরুতে বিনামূল্যে ১ম থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ৩৫ কোটির কাছাকাছি নতুন বই দেয়া বিরল ঘটনা। দেশের ন্যায় প্রবাসেও বিনামূল্যে ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিতে পারাটা একটি গর্বের বিষয়।
এম আব্দুল মান্নান, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি



