ইভিএমে আস্থা তাপসের, সুষ্ঠু নির্বাচনে জয় নিশ্চিত দাবি ইশরাকের

সিটি নির্বাচনে ইভিএমএ জনগণের শতভাগ আস্থা রয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
সোমবার দুপুরে রাজধানীর খিলগাঁও সবুজবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ইভিএমএ নিয়ে যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ছাড়া নির্বাচিত হলে জনগণের কল্যাণে শতভাগ নিজেকে মেলে ধরার কথাও জানান এই মেয়র প্রার্থী।
অন্যদিকে, পরাজয়ের ভয়ে প্রতিপক্ষ অমূলক কথা বলছে, বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচন সুষ্ঠু হলে তার জয় নিশ্চিত বলেও দাবি করেন তিনি।
সোমবার সকালে একাদশ দিনের নির্বাচনী প্রচারণাকালে, রাজধানীর সেগুনবাগিচা এলাকায় এসব কথা বলেন ইশরাক। এ সময়, নির্বাচিত হলে জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, তরুণরাই পরিবর্তন আনতে পারে-উল্লেখ করে, তরুণ প্রজন্মকে পাশে থাকার আহবান জানান, ধানের শীষের এই প্রার্থী।সেগুনবাগিচা থেকে শুরু হয়ে নির্বাচনী প্রচারণা দক্ষিণ সিটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



