
সুচিকিৎসা না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন এ অভিযোগ করেন তিনি। এসময় রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি দেয়া না হলে, জনগনের আন্দোলনের মুখে সরকার পালানোর পথ পাবে না।
বিএনপির এই নেতা আরো বলেন, নানা অজুহাতে ভারতীয় নাগরিক বাংলাদেশে পুশব্যাক করা হলেও সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। গণমাধ্যমে প্রকাশিত ভারতীয় নাগরিকদের বিশেষ পাস’এর মাধ্যমে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়ার যে প্রস্তাব উঠেছে তা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন রিজভী।
বিএনপির এই মুখপাত্র বলেন, চিকিৎসা না দিয়ে কারাগারে প্রেরণ খালেদা জিয়ার জীবনকে বিপন্ন করার অথবা শারীরিকভাবে চিরতরে পঙ্গু করার চক্রান্ত। খালেদা জিয়া সুস্থ হোন, এটি ‘বিদ্বেষপ্রবণ’ সরকার কখনো চায় না।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে লাগামছাড়া ক্রোধে এই ‘অবৈধ’ শাসকগোষ্ঠী এখন তাঁর জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এটি শেখ হাসিনার ‘হিংস্র’ আচরণেরই চরম বহিঃপ্রকাশ।



