
ঢাকার দুই সিটি নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করে ব্যালট পেপারে ভোট গ্রহণের লিখিত দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ দাবি জানানো হয়।
বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসিকে এম নূরুল হুদার সভাকক্ষে কমিশনের সঙ্গে সাক্ষাত করেন বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল। এসময় কমিশনের কাছে দলের চিঠি জমা দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নিরপেক্ষতা প্রমাণের জন্য কমিশনের হাতে এখনও সুযোগ আছে।
সেলক্ষ্যে, ইভিএম’র অকার্যকারিতাকে বিবেচনায় নিয়ে এ পদ্ধতি বাদ দিয়ে, প্রচলিত ব্যালট ব্যবস্থাতেই ভোট গ্রহণের জন্য অনুরোধ করেছে বিএনপি। এছাড়া, ভোট প্রক্রিয়ায় সরকারি দলের প্রভাব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।



