‘বিদেশী কুটনীতিকদের তৎপরতা হতাশাজনক’

স্থানীয় নির্বাচন নিয়ে বিদেশী কুটনীতিকদের তৎপরতা স্বাধীন রাষ্ট্রের জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার বিকেলে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর দলীয় কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় হানিফ বলেন, একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কারো দৌড়ঝাঁপ ঠিক নয়। এছাড়া, বিদেশী কূটনীতিকদের সীমাবদ্ধতার মধ্যে থেকেই পর্যবেক্ষণের আহ্বান ব্যক্ত করেন আওয়ামী লীগের এই নেতা।
শনিবার ঢাকার দুই সিটির সিটি নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার আশাও প্রকাশ করেন হানিফ।
অন্যদিকে, শুক্রবার দুপুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত দেয়ার জন্য মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনস্যুলারের সঙ্গে বৈঠক করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
গুলশানের বে টাওয়ারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা দক্ষিণ সিটিতে প্রায় সাড়ে তিনশ থেকে চারশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন তিনি।



