বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ১৪ মার্চ

আগামী ১৪ মার্চ যমুনা নদীর উপর দ্বিতীয় বঙ্গবন্ধু ডুয়েলগেজ ডাবল লাইন রেলসেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে ঢাকা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস’এবং খুলনা-কলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’ট্রেনের ট্রিপ বাড়ানোর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী নিজে এ রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানান রেলপথ মন্ত্রী।
চলতি মাস থেকেই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের ট্রিপ বাড়ছে এতে দু’দেশের জনগণই উপকৃত হবেন বলেও জানান, তিনি।
মন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে সেই ধরনের এলিগেশন এখনো পাওয়া যায়নি। চীন থেকে আমাদের দেশে বেশিরভাগ মানুষ এয়ারপোর্ট হয়ে আসছে। সেক্ষেত্রে এয়ারপোর্টে এই ধরনের ব্যবস্থা বেশি নেওয়া হয়েছে।
রেলের যেসব প্রকল্পে চীনারা কাজ করছেন, আমরা অফিস থেকে নির্দেশনা দিয়েছি, যারা চীন থেকে আসছেন তাদেরকে দু সপ্তাহ পর্যবেক্ষণে রেখে তারপর কাজে যাওয়ার নির্দেশ দিতে। তাছাড়া চীনারা যেসব এলাকায় কাজ করছে তাদের নজরে রাখতে সেখানকার স্থানীয় হাসপাতালেও চিঠি দেওয়া হয়েছে।



