রোমে দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার রোমে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব এ চ্যান্সারি ভবনটি উদ্বোধন করেছেন ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ দশমিক ৯ কাঠা জায়গার ওপর অবস্থিত বেজমেন্টে দুই তলাসহ পাঁচতলা বিশিষ্ট বাংলাদেশ দূতাবাসের নিজস্ব এ চ্যান্সারি ভবনটি। এর ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা পাওয়া আরও সহজ হলো।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিমানবন্দরে অনেক সময় প্রবাসীদের হয়রানির শিকার হওয়ার হতে হয়, আসলে আমাদের দেশের কিছু মানুষের চরিত্রই খারাপ। যেই শুনে বাইরে থেকে আসবে, তখনই ভাবে যে একটু চাপ দিলেই মনে হয় কয়েকটা ডলার পাওয়া যাবে।
মনে রাখতে হবে ঘুষ যে দেয়, সেও যেমন অপরাধী, যে নেয় সেও অপরাধী। উভয়ই সমান অপরাধী। দিয়ে দিয়েই আপনারা এ অভ্যাসটা খারাপ করেছেন। ভবিষ্যতে এ কাজটা আর করবেন না।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ প্রমুখ।



