
দেশে, একদিনে আরো ৩ হাজার ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। আর গত ২৪ ঘন্টায় ৫১ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৫৪৭।
এছাড়া, নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন, মোট সুস্থ ১ লাখ ৮ হাজার ৭২৫। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা আরো জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৬০টি নমুনা। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৬ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হলো।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) একদিনে ২ হাজার ৭৩৩ জন করোনা রোগী শনাক্ত এবং ৩৯ জনের মৃত্যু হয়। এছাড়া ১ হাজার ৯৪০ জন করোনা রোগী সুস্থ হন।
অন্যদিকে শুক্রবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজারে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৩ হাজার। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮২ লাখ ৭৮ হাজার মানুষ।



