
ঈদকে সামনে রেখে রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বেশিরভাগ হাটে পশু আনা হলেও, এখনো সেভাবে শুরু হয়নি বেচাকেনা। ক্রেতারা হাটে আসলেও, অন্যান্যবারের তুলনায় কম। বিক্রেতাদের আশা, শেষ কদিনে বাড়তে পারে বিক্রি। আর হাটের ইজারাদাররা বলছেন, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য মানুষকে সচেতন রাখতে সর্বোচ্চ তৎপরতা নিচ্ছেন তারা।
ঈদ-উল-আজহার সময় যতো ঘনিয়ে আসছে, কোরবানির পশুর হাটে বাড়ছে ব্যস্ততা। রাজধানীর অস্থায়ী পশুর হাটে এই সময়টায় প্রতিবছর যে চিত্র দেখা যায়, করোনা মহামারীর কারণে এবার সেই অবস্থা নেই।
দুরদুরান্ত থেকে এরইমধ্যে হাটে পশু এনেছেন বিক্রেতারা। তবে সে অনুযায়ী ক্রেতা নেই। স্বল্পসংখ্যক ক্রেতা হাটে গেলেও, এখনো সেভাবে বেচাকেনা হচ্ছে না। তবে এবার রাজধানীতে হাটের সংখ্যাও কম। তাই কিছুটা আশাবাদী বিক্রেতারা, শেষের দিনগুলোতে যদি বাড়ে বিক্রি।
এদিকে, হাট ইজারাদাররা জনিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের বেঁধে দেয়া শর্ত বাস্তবায়নে কঠোরভাবে কাজ করা হচ্ছে। এছাড়া প্রতিবছরের মতো এবারও রাজধানীর পশুর হাটগুলোতে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মাসুদ সুমন, বাংলা টিভি



