৮৬ বছর পর হায়া সোফিয়ায় নামাজ আদায়

দীর্ঘ ৮৬ বছর পর, শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক হায়া সোফিয়ায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানসহ কয়েক হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।
করোনা সংক্রমণরোধে সামাজিক দূরত্ব মেনে মসজিদসহ এর আশপাশের এলাকায় অংশ নিয়েছেন সবাই। জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে ৮৬ বছর পর পুনরায় মসজিদে ফিরছে হায়া সোফিয়া।
তুরস্কের সরকারি দৈনিক ডেইলি সাবাহ’র অনলাইন সংস্করণে বলা হয়, জুমার নামাজ আদায়ের জন্য শুক্রবার সকাল থেকেই হাজার হাজার মানুষ হায়া সোফিয়ায় যেতে শুরু করেন। মুখে মাস্ক এবং আলাদা জায়নামাজসহ, ১১টি চেকপোস্ট দিয়ে মুসল্লিদের হায়া সোফিয়ার চত্বরে প্রবেশ করতে দেয়া হয়। মসজিদ চত্বরে ১৭টি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়।
পশ্চিমা চাপ উপেক্ষা করে, শেষ পর্যন্ত হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করতে পারায়, বেশ খুশি তুর্কিরা। ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত ৯১৬ বছর হায়া সোফিয়া গির্জা ছিল। ১৯৩৪ সালে কামাল আতাতুর্কের সময় এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়।
গত ১০ জুলাই উচ্চ আদালতের রায়ে, পুনরায় মসজিদ হিসেবে পরিচিতি পায় নান্দনিক সৌন্দর্যের এই নিদর্শনটি। ১৯৮৫ সালে জাদুঘর থাকাকালে হায়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো।



