১ আগস্ট থেকে কাতারে ফিরতে পারবেন অভিবাসীরা

কাতারে করোনা সংক্রমণ ও বিস্তার রোধে কঠোর নিয়মকানুন ধাপে ধাপে শিথিল হওয়ায়, আগামী পয়লা আগস্ট থেকে দেশটিতে ফিরতে পারবেন বিদেশি অভিবাসীরা। গত ২১ জুলাই কাতার কর্তৃপক্ষ ছুটিতে থাকা অভিবাসী কর্মীদের ফেরা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যাতে বলা হয়, বিভিন্ন দেশের অভিবাসীদের কাতারে ফেরার ক্ষেত্রে আলাদা সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিশ্বে কম ঝুঁকিপূর্ণ ৪০টি দেশের তালিকা প্রকাশ করেছে, যাতে বলা হয় এসব দেশ থেকে কাতারে গেলে বিমানবন্দরে করোনা টেস্ট করাসহ, এক সপ্তাহের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। সে ক্ষেত্রে হোটেল কোয়ারেন্টিনের কোনো প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম না থাকলেও সেখানে বলা হয়েছে, ছুটিতে দেশে থাকা ১৪ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি পয়লা আগস্ট থেকে শর্তসাপেক্ষে কাতারে কাজে যোগ দিতে পারবেন।
লেখক ও মিডিয়া কর্মী আহসান উল্লাহ সজিব বলেন, ছুটিতে দেশে থাকা প্রবাসীরা কাতার এয়ারওয়েজের টিকেট কনফার্ম্ হওয়ার পর, দেশের বিভাগীয় শহরের করোনা পরীক্ষার জন্য মনোনীত হাসপাতালে করোনা পরীক্ষা করিয়ে, কাতার যেতে পারবেন।
দেশটিতে ফিরতে যথাযথ নিয়ম মেনে কাতার পোর্টালের মাধ্যমে আবেদন করার আহ্বান জানিয়েছে, বাংলাদেশ দূতাবাস। কাতারে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে, ২৪ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন।
আকবর হোসেন, কাতার প্রতিনিধি



