অন্যান্যবাংলাদেশ

২৮ দিনের রিমান্ডে সাহেদ

প্রতারণার চার মামলায় রিজেন্টের সাহেদকে সাত দিন করে মোট ২৮ দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। রবিবার, ঢাকার সিএমএম আদালতে পুলিশের ৪০ দিনের রিমান্ডের আবেদনে আদালত ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া, ৬ টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরার অস্ত্র মামলায় আরও ১০ দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছে র‌্যাব। রিমান্ডে বিভিন্ন প্রতারণার কথা সাহেদ স্বীকার করেছেন বলে জানিয়েছে তারা। আটকের পর রিমান্ডের ১০ দিনের মধ্যে গোয়েন্দা পুলিশের কাছে ৬ দিন ছিল সাহেদ। পরে র‌্যাব-এর কাছে মামলা হস্তান্তর হলে বাকি ৪ দিন জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।

এর আগে, বুধবার (১৫ জুলাই) সকালে বোরকা পরিহিত অবস্থায় ছদ্মবেশে ভারতে পালানোর সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ঢাকায় এনে তাকে নিয়ে অভিযান চালানো হয় উত্তরায় তার গোপন কার্যালয়ে। এ সময় বেশকিছু জাল টাকা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত ৬ জুলাই, নানা অভিযোগের ভিত্তিতে রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এরপর অভিযোগের সত্যতা মেলায় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button