প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুপিয়ে জখমের অভিযোগ

মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এসএসসি পাস এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। সোমবার রাত ৯টার দিকে পৌর এলাকার টেকেরহাট হৃদয় নন্দী গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসাধীন রয়েছেন।
বখাটে সজীব শেখ একই এলাকার আবুল হোসেনে শেখের ছেলে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে থানায় মামলা দায়ের করেছে ছাত্রীর মা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বখাটে সজীব দীর্ঘদিন যাবত ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ উত্যক্ত করে আসছিল। সোমবার রাত ৯টার দিকে ওই ছাত্রী গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হলে বখাটে সজীব শেখ (১৮) তাকে একা পেয়ে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় ছাত্রীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে বখাটে সজীব পালিয়ে যায়।প্রেমঘটিত বিষয় নিয়ে ইতোপুর্বে দুই পরিবারের মধ্যে সালিশ বৈঠক হয়েছে।
ছাত্রীর মা জানান, আমার মেয়েকে প্রায় তিন চার বছর ধরে বখাটে সজীব উত্ত্যক্ত করে আসছে। আমি লোক লজ্জার ভয়ে কারো কাছেই কিছু বলতে পারিনি। এব্যাপারে অভিযুক্ত সজীবের পিতা আবুল হোসেন তার ছেলে বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, আমার ছেলে অপরাধ করেনি। তারা নিজেরাই গোলমাল করে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, সোমবার রাত ১০টার দিকে এক ছাত্রীকে আহত অবস্থায় তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন আছে। আমরা চিকিৎসা দিচ্ছি। আশাকরি দ্রুত সুস্থ্য হয়ে যাবে।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর-রাজৈর সার্কেল) মো. আবির হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মঙ্গলবার রাজৈর থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই পুলিশ বখাটে সজীবকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রেখেছে। বখাটে এলাকা থেকে পালিয়েছে।
মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধি



