
জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত বৃহস্পতিবার ১১আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন সেইসাথে এসকে সিনহাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অপর আসামিরা হলেন- ফারমার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী,ভাইস প্রেসিডেন্টমো.লুৎফুল হক,টাঙ্গাইলের বাসিন্দা মো.শাহজাহান,একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা,রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।
আসামিদের মধ্যে কেবল বাবুল চিশতী কারাগারে রয়েছেন। আর বিচারপতি সিনহা গেলো দুই বছর ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। দুদক কর্মকর্তা বেনজির আহমেদ গেলো ৯ডিসেম্বর এই ১১জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।তদন্ত কর্মকর্তার আবেদনে এস কে সিনহার ব্যাংক হিসাবের চার কোটি টাকা জব্দ করা হয়।
এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা প্রতারণার আশ্রয় নিয়ে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে দ্রুততার সঙ্গে চার কোটি টাকা ভুয়া ঋণ সৃষ্টি করে তা একই দিন পে-অর্ডারের মাধ্যমে এসকে সিনহার ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেন। এরপর ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যে এসকে সিনহা নগদ, চেক ও পে-অর্ডারের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে নিয়ে তা আত্মসাৎ করেন।



