
করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য সরকারিভাবে সহজ শর্তে ঋণ প্রদান কার্যক্রম চালু করেছে সরকার। সরকারের গৃহীত এ উদ্যোগকে সাধুবাদ জানালেও সঠিকভাবে ঋণ পাওয়া নিয়ে অনিশ্চিয়তায় ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। তবে ঋণ নেয়ার ক্ষেত্রে সঠিক নিয়মনীতি না জানাকেই দায়ী করছেন ব্যাংক কর্তৃপক্ষ।
প্রায় এক কোটিরও বেশি প্রবাসীর আয়ের বড় একটি অংশ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু করোনার কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের প্রবাসীরা কর্ম হারিয়ে শূন্য হাতে দেশে ফিরে এসেছেন।
বর্তমান সরকার দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা বিবেচনা করে যারা বৈধভাবে বিদেশে ছিলেন অথচ কর্ম হারিয়ে দেশে ফিরেছেন তাদের জন্য ৭শ’কোটির টাকার স্বল্প সুদে ঋণ দেয়ার ঘোষণা দেয়। এর মধ্যে ২শ’ কোটি টাকা ঋণ প্রদান কার্যক্রম গত ১৫ জুলাই থেকে চালু হয়েছে।
সরকারের গৃহীত এ উদ্যোগকে প্রবাসীরা সাধুবাদ জানালেও ঋণ পাওয়া নিয়ে সংশয় রয়েছে অনেকে।
সঠিক তথ্য উপাত্ত আর প্রকৃতঅর্থে মার্চের পর দেশে ফেরা করোনায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে সে অনুযায়ী ঋন দেয়া হচ্ছে বলে জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন।
শুধু ঋণ প্রদান নয়, ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে পারবেন কিনা, এবং ঋণ নিয়ে তিনি কি ধরনের ব্যবসায়িক কাজে লাগাবেন এবং তার সে সামর্থ্য বা যোগ্যতা আছে কিনা সে বিষয়েও বিবেচনা করে ঋণ প্রদান করা হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা।
ঋণ প্রদানের শর্ত শিথিল করা হলে আর্থিক ক্ষতি কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাড়াতে পারবেন জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন কর্মহীন এসব প্রবাসীরা।
বাংলাটিভি/শহীদ



