বিশ্ববাংলা
সিঙ্গাপুরে ৪ বাংলাদেশি আটক

সিঙ্গাপুরে অভিবাসন আইন বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে ৪ বাংলাদেশিসহ ৫ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
গত সোমবার জনপ্রিয় গণমাধ্যম স্ট্রেইট টাইমসের এক খবরে জানানো হয়, দেশটির ইমিগ্রেশন অ্যাণ্ড চেকপয়েন্টস অথরিটি আইসিএ তাদেরকে গ্রেফতার করেছে।
জানা যায়, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও, সিঙ্গাপুরে অবস্থান এবং অভিবাসন আইন বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে, ঐ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত থাকা এসব অভিযুক্তকে, তাদের কর্মক্ষেত্র থেকে গ্রেফতার করা হয়।
তাদের বয়স ২৫ থেকে ৫৭ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিএ। অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেকের কমপক্ষে ৬ মাসের জেল এবং সর্বোচ্চ ২ বছরের জেল হতে পারে। এছাড়া ৬ হাজার ডলার সমমূল্যের জরিমানা করা হতে পারে।



