
যাতায়াত স্বাভাবিক করার অংশ হিসেবে আরও ১৮ যাত্রীবাহী ট্রেন চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এর মধ্যে আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনও রয়েছে। এগুলো ২৭ আগস্ট থেকে চালু হবে।
করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর একসঙ্গে এত ট্রেন চালু করা হয়নি। সাম্প্রতিক সময়ে ১৬ আগস্ট থেকে ১৩ ট্রেন চালু করা হয়। এর আগে ১৭ ট্রেন চলছিল। ২৭ আগস্টের পর সব মিলিয়ে ৪৮ ট্রেন চলাচল করবে।
রেলের উপপরিচালক (টিটি) খায়রুল কবিরের সই করা এক আদেশে নতুন ট্রেন চালুর কথা বলা হয়েছে। নতুন এসব ট্রেনের মধ্যে অর্ধেক পূর্বাঞ্চলে এবং অর্ধেক পশ্চিমাঞ্চলে। অন্তত ৯ জোড়া ট্রেনের গন্তব্য ও যাত্রার স্থান ঢাকার বাইরে। বাকি ৯ জোড়া ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচল করবে।
করোনার লকডাউনের পর ৩১ মে থেকে পুনরায় ট্রেন চালু করার দিন ঢাকা-চট্টগ্রাম পথের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু যাত্রীর অভাবে দুই সপ্তাহের মধ্যে তা বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি পুনরায় চালু করা হচ্ছে। এই দফায় তিনটি কমিউটার ট্রেনও চালু হচ্ছে।
এর আগে ১৬ আগস্ট একটি কমিউটার ট্রেন চালু হয়েছিল। পশ্চিমাঞ্চলের মধ্যে ঢাকা-রাজশাহী পথের গুরুত্বপূর্ণ আন্তনগর ট্রেন সিল্কসিটিও চালু হচ্ছে।



