দিল্লি থেকে বাসে যাওয়া যাবে লন্ডন

বাসে করেই দিল্লি থেকে লন্ডন যাওয়া যাবে। অবাক লাগলেও এমনই একটি বাসের আয়োজন করেছে ভারতের গুরগাঁওয়ের অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড নামের একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা। ১৫ আগস্ট এ বাস সার্ভিসের ঘোষণা করেছে সংস্থাটি।
এই সংস্থার দুই কর্ণধার তুষার ও সঞ্জয় মাদান এর আগে গত তিন বছর দিল্লি থেকে লন্ডন সড়কপথে গিয়েছিলেন। তারাই এই রোমাঞ্চভরা পদক্ষেপ নিয়েছেন। তবে এই সফরে যাওয়ার জন্য মোট ১০টি দেশের ভিসা থাকা জরুরি। যাত্রীদের ভিসার ব্যবস্থাও করে দেবে সংস্থাটি।
১৮টি দেশের উপর দিয়ে এ বাস দিল্লি থেকে লন্ডন পৌঁছাবে। ভারত, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, লাটবিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্য। অর্থাৎ যারা ঘুরতে ভালবাসেন তাদের কাছে এর থেকে ভালো সুযোগ আর আসবে না। ৭০ দিনের এই সফরে থাকবে সবরকম ব্যবস্থা।
২০ সিটের এ বাসে থাকবে বিশেষ ব্যবস্থা। ২০ জন যাত্রী ছাড়াও বাস পরিচালনার দায়িত্বে থাকবেন আরও চারজন। ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, এটেন্ডন্ট ও গাইড। একেক দেশে একেকজন গাইড থাকবেন। এছাড়া প্রতিটি সিট হবে বিজনেস ক্লাসের। তবে লন্ডন পর্যন্ত সফর করতে হলে একেকজনের খরচ হবে ১৫ লাখ টাকা। রয়েছে ইএমআই অপশনও। যাত্রীরা চাইলে কিস্তিতে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন।
তবে ভারতের জন্য এ অভিজ্ঞতা নতুন কিছু নয়। ব্রিটিশ আমলে কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বাস চলাচল করত। অর্থাৎ পূর্বে আরও এক হাজার ৩০০ কিলোমিটার বেশি দূরত্বে বাস যেত লন্ডনে।




