দেশবাংলা

রাজশাহীতে নর্দমায় মিলছে টাকা

রাজশাহীতে মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা এক ড্রেনে মিলছে এক শ, পাঁচ শ, এক হাজার টাকার নোট। সারাদিন উৎসুক মানুষ এই নর্দমায় নেমে টাকা খুঁজেছেন। কেউ পেয়েছেন, কেউবা নোংরা পানি মেখে ফিরে এসেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী রেল স্টেশনের পূর্ব দিকে রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষা রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশের ড্রেনে এই দৃশ্য দেখা যায়।

জানা যায়, টাকাগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের পুরনো কাগজপত্রের ভেতর ছিল। নগরীর শিরোইল এলাকায় সড়ক পরিবহন গ্রুপের এই কার্যালয়। সেখান থেকে কাগজের সঙ্গে বেখেয়ালে টাকাগুলোও ফেলে দেয়া হয়েছিল। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়- দুর্নীতি করে উপার্জন করা টাকা ভয়ে কেউ ড্রেনে ফেলে দিয়েছেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, পুলিশ বিষয়টি খোঁজ নিয়েছে। কিন্তু ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন বলে তারা আর তলিয়ে দেখেননি।

রেলওয়ে পুলিশের ওসি শাহ কামাল জানান, রেলওয়ের সীমানার বাহিরে নর্দমার অবস্থান। তারা বিষয়টি জেনেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button