বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ায় বেগম জিয়াও অপরাধী: তথ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয়-প্রশ্রয় দেয়াতে জিয়ার মতো বেগম জিয়াও অপরাধী’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে রাজধানীতে ন্যাপ (ভাসানী) আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে গভীর শ্রদ্ধা করতেন উল্লেখ করে মন্ত্রী এসময় মওলানা ভাসানীর প্রতি তার গভীর শ্রদ্ধা জানান।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রধান কুশীলব খন্দকার মোশতাক আর তার প্রধান সহযোগী হচ্ছে জিয়াউর রহমান। তাই আজকে দাবি উঠেছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, কুশীলবদের তো বিচার হয় নাই। জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পটভূমি রচনা করেছেন, তাদের মুখোশ উন্মোচন করা দরকার আর কুশীলবদের মধ্যে যারা এখনো বেঁচে আছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। ইতিহাসের স্বার্থেই তা প্রয়োজন।’
‘আর বঙ্গবন্ধু হত্যাকান্ডের কুশীলব জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমি মনেকরি বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার জন্য জিয়াউর রহমান যেমন অপরাধী বেগম খালেদা জিয়াও সেই অপরাধে অপরাধী’ বলেন ড. হাছান।
প্রগতিশীল ন্যাপ (ভাসানী) কেন্দ্রীয় আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী মজলুম জননেতা মাওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।
সভায় আরো বক্তব্য রাখেন প্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, মনিরুল হাসান মনির, মোহাম্মদ আলী, কিশমত, মৌসুমী দেওয়ান প্রমুখ।



