
তীব্র স্রোত ও পদ্মা সেতুর কাজের নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
শনিবার (২৯ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ থেকেই এ নির্দেশা কার্যকর হবে বলে জানানো হয়।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাটগাতী লঞ্চঘাট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



