ইউএনওর ওপর হামলার ঘটনায় গ্রেফতার-২

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে পেটানো ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার ঘটনায়, প্রধান আসামি আসাদুল ইসলাম ও সন্দেহভাজন জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
শুক্রবার ভোর দিনাজপুরের হিলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের রংপুরে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা এবং র্যাব রংপুরের একটি দল যৌথভাবে শুক্রবার ভোররাত ৪টা ৫০মিনিটে হিলির কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার প্রধান আসামি ইউএনওর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত সে-ই করেছে। গতকাল বৃহস্পতিবার ইউএনও ওয়াহিদা খানমের বড়ভাই ফরিদ হোসেন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
এদিকে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখকে হাতুড়ি দিয়ে পেটানো ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার ঘটনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের এ তথ্য জানান বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা।



