জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনও ওয়াহিদার ওপর হামলার সঙ্গে যেই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, কী কারণে এমন ঘটনা ঘটলো, তা জানতে কিছুটা সময় লাগবে। পুলিশ ও র্যাব এ ঘটনায় যৌথভাবে কাজ করছে।
সুশাসন প্রতিষ্ঠায় কাউকেই ছাড় দেয়া হবে না। শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য নয়, পর্যায়ক্রমে মন্ত্রীদের বাসার নিরাপত্তায়ও আনসার ব্যাটালিয়ান কাজ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। অস্ত্রোপচারের ১১ ঘণ্টা পর জ্ঞান ফিরেছে। হাসপাতাল সূত্রে এমনটা নিশ্চিত হওয়া গেছে।
এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরোসার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তার মাথার ভাঙা হাড়ের ৭-৮ টুকরা অস্ত্রোপচারে জোড়া দিয়েছেন চিকিৎসকরা। আঘাতের কারণে আরও ছোট ছোট যে কাটা ছিল সেগুলোও ঠিক করা হয়েছে।



