বিশ্ববাংলা

শান্তিরক্ষা মিশনে আবারও প্রথম বাংলাদেশ: আইএসপিআর

জাতিসংঘের শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী পাঠিয়ে আবারো প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আবারো প্রথম স্থান অর্জন করেছে। তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে অংশ নিয়ে বিশ্বে শান্তি রক্ষায় অবদান রেখে চলেছে বাংলাদেশ।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৭ জুলাই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ১৬০ জন জনবলের কিউআরএফ (কুইক রি–অ্যাকশন ফোর্স) মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে। বর্তমানে শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণকারী দেশের সংখ্যা ১১৯। বাংলাদেশ সর্বমোট ৬,৭৩১ জন শান্তিরক্ষী মোতায়েন করেছে।

বাংলাদেশের পর ৬,৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে দ্বিতীয় স্থানে রয়েছে ইথিওপিয়া। উপমহাদেশের মধ্যে ভারত ৫,৩৫৩ জন ও পাকিস্তান ৪,৪৪০ জন শান্তিরক্ষী মোতায়েন করে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।

এদিকে সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার নির্বাচিত হয়েছেন। শনিবার আইএসপিআর পৃথক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button