দোহায় দ্বিতীয় দিনের মতো শান্তি আলোচনা

কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান সরকার ও তালেবান গোষ্ঠীর মধ্যে দ্বিতীয় দিনের মতো শান্তি আলোচনা চলছে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে যুদ্ধবিরতির আহবান জানিয়েছে দেশটির সরকার।
শনিবার শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান আফগান সরকারের প্রতিনিধি দলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ। তিনি বলেন, যুদ্ধে কেউ জয়ী হবে না।
এদিকে তালেবান প্রতিনিধি দলের মুখপাত্র মোল্লা আবদুল গানি বারাদার যুদ্ধবিরতির ব্যাপারে কিছু না বললেও, আফগানিস্তানকে ইসলামী আইনে রাখার ওপর জোর দেন।
আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, কঠোর শ্রম আর ত্যাগের পর এই বৈঠক শুরু হয়েছে। তাই পুরো বিশ্বই এ আলোচনার সাফল্য কামনা করে। আফগান সরকারের পক্ষ থেকে ২১ জন সদস্য এই আলোচনায় অংশ নিয়েছেন।
অন্যদিকে তালেবানের পক্ষে রয়েছে দলের দুই শীর্ষ নেতা মৌলভী আবদুল হাকিম ও হায়বাতুল্লাহ আখুনজাদার ঘনিষ্ঠ সহযোগী।



