ঠিকাদার ও এলজিইডির উদাসীনতায় দুই বছর বন্ধ সড়কের কাজ

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও এলজিইডি প্রকৌশলীদের উদাসীনতায় দুইবছর ধরে বন্ধ রয়েছে, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সিদলী পালপাড়া বাজার থেকে আনন্দপুর বাজার পর্যন্ত, ২ হাজার ৫শ মিটার সড়কের নির্মাণ কাজ।
ফলে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ পড়েছেন সিমাহীন দুর্ভোগে। অথচ ২ কোটি ১৪ লাখ টাকার মধ্যে ২ কোটি টাকাই উত্তোলন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ নিয়ে ক্ষুব্ধ পথচারী ও জনপ্রতিনিধিরাও। তবে এ বিষয়ে কথা বলেনি এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদার।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সিদলী পালপাড়া বাজার থেকে আনন্দপুর বাজারের ২ হাজার ৫শ মিটার সড়কের নির্মাণ কাজ স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ১৪লাখ টাকার টেন্ডার আহবান করে। টেন্ডারে সড়ক নির্মাণের কাজ পায় মোক্তারপাড়া এসএম আঙ্গুর ঠিকাদারি প্রতিষ্ঠান।
কাজটি পাওয়ার পর, সড়কের কিছুস্থানে ইটের খোয়া ফেলা হলেও, নির্মাণ কাজ বন্ধ রয়েছে দুইবছর ধরে। এতে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় পথচারীদের।
২০১৮ সালের আগষ্ট মাসে শেষ করার কথা থাকলেও, ঠিকাদারের গাফিলাতি ও এলজিইডি প্রকৌশলীদের উদাসীনতা ও দূর্নীতির কারণে কাজ শেষ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। মুঠোফোনে কথা বলতে চাইলে বিষয়টি এড়িয়ে যান, এলজিইডি প্রকৌশলী।
জনদূর্ভোগ লাঘবে অবিলম্বে সড়কের নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, স্থানীয়রা।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



