সিঙ্গাপুরে ‘প্রেসিডেন্ট পদক’ পাচ্ছেন বাংলাদেশি কবির

সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি হিসেবে ‘প্রেসিডেন্ট পদক’ পাচ্ছেন কবির হোসেন। এটি সিঙ্গাপুরের নাগরিকদের জন্য সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার।
জানা যায়, বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক কবির শীগগিরই দেশটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকুবের হাত থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন। গত শুক্রবার গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর দেশে ও বিদেশে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছাস দেখা যায়।
করোনায় লকডাউন থাকাকালীন স্ত্রী নূরীয়া বেগমকে সঙ্গে নিয়ে নিজস্ব পরিবহণ ব্যাবস্থায় সিঙ্গাপুরের আটকে পড়া অভিবাসী শ্রমিকদের মধ্যে বিনামূল্যে খাদ্য ও নিত্যপণ্য বিতরণ করে আলোচনায় আসেন তিনি।
এছাড়া তিনি “বিসিএস এসজি ওয়ে” নামে একটি অ্যাপ তৈরী করেন যা ব্যাবহার করে করোনাকালে প্রবাসীরা ন্যায্যমূল্যে নিত্যপণ্যের ফ্রী হোম ডেলিভারি পাওয়ার পাশাপাশি পাসপোর্ট সংক্রান্ত সেবাসমূহ পেয়েছেন এবং সহজে অনুদান পেয়েছেন। তার এসব অবদানের জন্য কর্তৃপক্ষ তাকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছেন।



