প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়ালো সৌদি সরকার

যেসব বাংলাদেশি সৌদি আরবে তাদের কর্মস্থলে ফিরে যেতে চান তাদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার। আগামী রোববার থেকে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া শুরু হবে।
বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন জানান, সৌদি আরবের রাষ্ট্রদূত তাকে জানিয়েছেন, বাংলাদেশি শ্রমিকদের আকামা আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া রোববার থেকে শুরু হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অবতরণের অনুমতিও দিয়েছে যা বাংলাদেশিদের সুষ্ঠুভাবে সেখানে ফেরাতে সহায়তা করবে। বাংলাদেশ সরকারও সব সৌদি এয়ারলাইনসকে এদেশে অবতরণ এবং বাংলাদেশিদের সৌদি আরবে নেয়ার অনুমতি দিয়েছে।
এর আগে মঙ্গলবার ভিসা ও আকামার মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, টিকিটের জন্য টানা বুধবার (২৩ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। তারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। তাই চাকরি বাঁচানোর আনুষ্ঠানিক নিশ্চয়তা ছাড়া পথ না ছাড়ার ঘোষণা তাদের।



