কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে ধর্ষণ; ৯ জনের বিরুদ্ধে মামলা

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ জনকে আসামি করে নগরীর শাহপরান থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণীর স্বামী।
এদিকে, অভিযুক্তদের ধরতে রাত থেকেই সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযুক্ত এক ধর্ষকের রুম থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে সন্ধ্যায় স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এসেছিলেন ওই তরুণী। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের জোরপূর্বক কলেজের ছাত্রবাসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে তারা।
রাত ১১টায় শাহপরাণ থানা পুলিশ তাদের উদ্ধার করে। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, শনিবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গছে অভিযুক্তদের ছবি। এখন পর্যন্ত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



