জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

করোনা মহামারী মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণে এ কথা বলেন তিনি।
এ সময় করোনার ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ বিবেচনায় নিয়ে সবার জন্য সমানভাবে ভ্যাকসিন নিশ্চিতের আহ্বানও শেখ হাসিনা। রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের সৃষ্টি, এর সমাধানও মিয়ানমারকে করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশের সরকার প্রধান।
প্রধানমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ প্রমাণ করেছে সবার ভাগ্য একই সূত্রে গাঁথা, সবার সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত কেউই নিরাপদ নয়। বলেন, করোনাকালে খাদ্য উৎপাদনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। পুষ্টি ব্যবস্থাপনায় নেয়া হয়েছে বিশেষ কর্মসূচি।
করোনা ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করে সবাই যেন তা সমভাবে পায় তা নিশ্চিতের আহ্বান জানান শেখ হাসিনা। রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকে করতে হবে উল্লেখ করে এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করেন বাংলাদেশের সরকার প্রধান।
করোনায় কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করতে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
হাকিম মোড়ল, বাংলা টিভি



