ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ: অর্জুুন-সাইফুরের ৫ দিনের রিমান্ড

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলায় প্রধান আসামি সাইফুর ও অর্জুুনের ৫ দিনের রিমান্ড মঞ্জুুর করেছেন আদালত। সোমবার তাদের আদালতে তোলা হয়। এসময় রাষ্ট্রপক্ষ আদালতে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
রোববার সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে। একইদিন মাধবপুর থেকে ৪ নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করা হয়।
এদিকে, এ ঘটনার সন্দেহভাজন আসামি ছাত্রলীগ কর্মী রাজন ও তার সহযোগী আইনুলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে ফেঞ্চুগঞ্জের কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজনকে গ্রেপ্তার করে র্যাব। আর, রবিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় মামলার ৫ নম্বর আসামি রবিউল হাসানকে।
এছাড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আরেক আসামি মাহবুবুর রহমান রনিকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত এ মামলার ৯ আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
অন্যদিকে, ধর্ষণের শিকার গৃহবধূ আদালতে জবানবন্দি দিয়েছেন। রবিবার সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক শারমিন খানম নীলার কাছে জবানববন্দি দেন তিনি।



