আজারবাইজানে ৪ হাজার যোদ্ধা পাঠিয়েছে তুরস্ক

আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে তীব্র লড়াই চলছে। এরই মধ্যে আজারবাইজানের মিত্র তুরস্ক চার হাজার যোদ্ধা পাঠিয়েছে বলে দাবি করা হচ্ছে। উত্তর সিরিয়া থেকে এই যোদ্ধাদের আজারবাইজানে পাঠায় আঙ্কারা।
ইন্টারফেক্স এবং আরআইএ নিউজ এজেন্সি রাশিয়ায় আর্মেনিয়ার রাষ্ট্রদূত ভারদান তোগানিয়ানের বরাত দিয়ে এই তথ্য জানায়। রাষ্ট্রদূত বলেন, এই যোদ্ধারা আজারবাইজানের সমর্থন নিয়ে নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধে অংশ নিচ্ছে।
তবে আর্মেনিয়ার এ তথ্য অস্বীকার করেছে আজারবাইজান। তারা বলছে, এটি আর্মেনিয়ান পক্ষের একটি উস্কানি এবং সম্পূর্ণ বাজে কথা।
এদিকে রবিবার তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগান আজারবাইজানের পক্ষে সমর্থন জানিয়েছে। তিনি বলেছেন, এই অঞ্চলে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি আর্মেনিয়া।
অন্যদিকে রাশিয়া, যাদের আর্মেনিয়ায় সামরিক ঘাঁটি রয়েছে তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।



