
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২১৯ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৮৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন করোনা রোগী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানা যায়। এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৫ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।
এর একদিন আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশে আরও ১ হাজার ৪০৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩২ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৬ হাজার ৩৭৯ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ১২৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৯ হাজার ৮০৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৩ লাখ ৬১ হাজার ৬১১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।



