অসাধু মিল মালিকরা মজুদ করায় বেড়েছে চালের দাম: খাদ্যমন্ত্রী

চালের বাজারে অস্থিরতার জন্য মিল মালিকদের সিন্ডিকেটকেই দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। তবে, অভিযোগ অস্বীকার করে এ নিয়ে হয়রানি না করার আহবান জানিয়েছেন মিলাররা।
এদিকে, সরকারকে পরিকল্পিত ভাবে বেকায়দায় ফেলতে চালের বাজার অস্থির করে তোলার অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চালের বাজার পরিস্থিতি নিয়ে খাদ্য ভবনে আজ এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর খাদ্য ভবনে চালকল মালিক সমিতি ও চাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের আয়োজন করে খাদ্য মন্ত্রনালয়। এ সময় চালের বাজারে অস্থিরতার জন্য মিল মালিকদের কারসাজিকে দায়ী করেন খুচরা বিক্রেতারা। তবে, খুচরা বিক্রেতাদের এ অভিযোগ অস্বীকার করে হয়রানি বন্ধের দাবি জানান মিল মালিকরা।
এদিকে, চাল ও ধান মজুদ করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। দেশে পর্যাপ্ত পরিমান ধান ও চালের মজুদ রয়েছে জানিয়ে এ নিয়ে আতংকিত না হওয়ার আহবান জানান খাদ্যমন্ত্রী।
আরমান কায়সার, বাংলা টিভি



