বৃষ্টি ও উজানের ঢলে আবারো বাড়ছে নদীর পানি

বৃষ্টি আর উজানের ঢলে, আবারো বাড়ছে নদ-নদীর পানি। উত্তরে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে জমির ফসল, ভেসে গেছে চাষের মাছ।
নওগাঁয় আত্রাই নদীর পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ছোট যমুনাও ছাড়িয়েছে বিপদসীমা অন্তত ৩০ সেন্টিমিটার। মান্দা ও আত্রাই উপজেলার ১০ ইউনিয়নে বাড়িঘর এবং বিস্তীর্ণ ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে।
এছাড়া নদীর পানি বৃদ্ধির ফলে নওগাঁ শহরের ভেতরে পানি ঢুকে পড়েছে। রাস্তা-বাড়িঘরে অন্তত হাঁটুপানি। এদিকে, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবারো বন্যা দেখা দিয়েছে। দুর্ভোগে রয়েছেন পানিবন্দিরা। চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় রোপা আমন ধান,মাস কালাই,শীতকালীন সবজিসহ বিভিন্ন জমির ফসল তলিয়ে গেছে।
আগামী ২৪ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর পানি বৃদ্ধি পেয়ে দেখা দিয়েছে ভাঙ্গন। ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড।



