করোনা নিয়েই হাসপাতাল ত্যাগ

বিপদমুক্ত না হয়েই হাসপাতাল ছাড়লেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে পৌঁছেই হয়ে ওঠেন দুঃসাহসিক। মাস্ক খুলে কিছুটা সময় পার করেন বেলকনিতে।
করোনা আক্রান্ত হয়ে ওয়াল্টার রিডের হাসপাতালে তিন রাত থাকার পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হোয়াইট হাউজের উদ্দেশ্যে রওয়া হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় হাসপাতালের আশপাশে ট্রাম্প ভক্তদের ভিড় দেখা যায়। ভক্তদের হাতের ইশারায় বুঝিয়ে দেন তিনি সুস্থ আছেন।
হোয়াইট হাউজের চিকিৎসকরা বলছেন, তিনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। আর ট্রাম্পের বিরুদ্ধে করোনার নামে নির্বাচনে জনগণের সহানুভূতি আদায় চেষ্টার অভিযোগ তুলেছেন বিরোধীরা।
তবে, হোয়াইট হাউজের চিকিৎসক ডা. শন কনলি বলেন, প্রেসিডেন্ট ও তার সঙ্গে থাকা হোয়াইট হাউজের সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করছি। এ লক্ষ্যে যেসব পদক্ষেপ নেয়া উচিৎ সে বিষয়ে আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি।



