
করোনা ভ্যাকসিন ক্রয়ে আর্থিক সংকট হবে না বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে, ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রীসভা।
বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনার ভ্যাকসিন ক্রয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে তাই এ নিয়ে কোন সংকট হবে না বলে মন্ত্রিসভাকে অবহিত করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।
বৈঠকে, নিবন্ধন ছাড়া লবণ আমদানি, উৎপাদন ও বাজারজাত করলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা আর্থিক জরিমানার বিধান রেখে আয়োডিনযুক্ত লবণ আইন এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রীসভা।
এছাড়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



