সৌদিগামী যাত্রীদের টিকিট প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ

সৌদিগামী যাত্রীদের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও টিকিট রি-ইস্যুর কোনো সুযোগ নেই।
সম্প্রতি সৌদি আরবে যেতে ইচ্ছুক পুরাতন টিকেটধারী যাত্রীদেরকে কোনো চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করে আসন বরাদ্দ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু কিছু অসাধু এজেন্সি ও ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকিট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দেবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়। সৌদি আরবগামী যাত্রীদেরকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।



