
সৌদি আরবে কর্মস্থলে ফিরতে প্রবাসীদের টিকিট প্রাপ্তির পর, যাত্রার জন্য জরুরি করোনা পরীক্ষা ও রিপোর্ট দেয়া হচ্ছে মহাখালীর ডিএনসিসি আইসোলেশন কেন্দ্রে। আগে জটলা থাকলেও, এখন করোনা সনদ দেয়া হচ্ছে কেবল ফ্লাইট সিডিউলের অগ্রাধিকার ভিত্তিতে।
৫ ঘন্টাতেই মিলছে রিপোর্ট। তবে কর্তৃপক্ষের দাবি, সময় কম থাকায় করোনা পরীক্ষার অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে তাদের।
সৌদি প্রবাসীদের কাজে ফিরতে বহুমাত্রিক সমস্যা ধীরে ধীরে কাটছে। অনেক ঝক্কি শেষে টিকেট পেলেও, বিমানে যাত্রার জন্য প্রয়োজন করোনা নেগেটিভ সনদ। তাই টিকেট পেয়েই যাত্রীরা সোজা হাজির হচ্ছেন, মহাখালী ডিএনসিসি মার্কেটে অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্রে।
শুরুর দিকে নমুনা দেয়া এবং করোনা সনদের পেতে যথেষ্ট বেগ পোহাতে হয় প্রবাসীদের। তবে বর্তমান চিত্র পাল্টেছে, নির্ধারিত ফ্লাইটের অগ্রাধিকার ভিত্তিতে মিলছে করোনার সনদ। প্রবাসীদের জরুরি সেবা দিতে বসানো হয়েছে পর্যাপ্ত সংখ্যক বুথ।
টিকেটপ্রাপ্তির একদিন পরেই ফ্লাইট হবার কারণে, নমুনা জমার ৫ ঘন্টার মধ্যেই দেয়া হচ্ছে রিপোর্ট। করোনা টেস্টের জন্য বাড়তি চাপ নিতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এজন্য পরীক্ষা এবং যাত্রার দিনক্ষণ আরো কিছুটা শিথিল করে সমন্বয়ের আহবান তাদের।
তবে জটিলতা কাটিয়ে আপাতত কর্মস্থলে ফিরতে পারছেন,বলে সন্তুষ্ট প্রবাসীরা।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



