থাইল্যান্ডে বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১৭

থাইল্যান্ডে বাস এবং ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১৭ জন নিহত। এতে আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় পর্যটকবাহী বাসকে ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
আল জাজিরা জানায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৮০ কিলোমিটার পূর্বে চেচেংসাওয়ে রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেন পর্যটকবাহী বাসটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় বাসটিতে ৬৫ জন আরোহী ছিল।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এ ব্যাপারে জেলা প্রধান কর্মকর্তা প্রাথুং যোগেশ্বাম থাইল্যান্ডের একটি টেলিভিশনকে বলেছেন, দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। দুর্ঘটনার সময় ভারী বৃষ্টিপাতের কারণে বাস চালক হয়তো ট্রেনটি দেখতে পায়নি বলেও জানান তিনি।



